কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, মিলাদ, দোয়া ও কোরআন খতম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়। এছাড়া স্থানীয় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরে আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচি পালন করে।
অপরদিকে, হিমু পরিবহনের ক্ষুদ্র খান, আফরিদ জাহান খান, জয় রায় ও রুহুল আমিনসহ অন্য সদস্যরা কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ও ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানকে সঙ্গে নিয়ে শোক র্যালি শেষে থানা প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করে।
