চাকরি জাতীয়করণের দাবিতে ধর্মঘট

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০২

চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

জীবননগর (চুয়াডাঙ্গা), সংবাদদাতা

বেতন-ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানসহ চাকরি জাতীয়করণে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নে জীবননগর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ঢাকায় অবস্থান নেওয়ায় এ পৌরসভা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। দৈনন্দিন সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর নাগরিক।

জীবননগর পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ১ ও ২ জুলাই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে আন্দোলন বেগবান করে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে গত ১৪ জুলাই থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশ হয়েছেন। তবে তাদের দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ শহর পরিষ্কারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেবা না পেয়ে প্রতিদিন শত শত পৌর নাগরিক চরম ভোগান্তিতে পড়েছে।