অভিজ্ঞরাও ব্যর্থ আফগানদের বিপক্ষে

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:২০

১০ উইকেটে হারল ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশে যে ‘এ’ দল খেলল, সেই একাদশের সবার জাতীয় দলে খেলার কমবেশি অভিজ্ঞতা আছে। এর মধ্যে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও ফজলে মাহমুদ রাব্বির অভিজ্ঞতা কম বলে ছাড় দেওয়া যেতে পারে। বাকি আট জনই রীতিমতো জাতীয় দলের অভিজ্ঞতায় পরিপক্ব। সেই পরিপক্বদের নিয়েও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১০ উইকেটে হারল বাংলাদেশ ‘এ’ দল। ভরাডুবির নতুন এক পর্ব লেখা হলো।

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ দল নেমেছিল মোহাম্মদ মিঠুনের অধিনায়কত্বে। আগে ব্যাট করে মিঠুনের দল আট উইকেটে ২০১ রান তোলে। জবাবে ৪৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

বাংলাদেশিদের মোটামুটি একটা সূচনা এনে দিয়েছিলেন ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। ইমরুল ২৮ ও বিজয় ১৯ রান করেন। এরপর অধিনায়ক মিঠুন ৩ রান করে ফেরেন। সাব্বির রহমান করেন ১৫ রান। ফজলে রাব্বি ৪১ বলে ৯ রানের এক ইনিংস খেলে আউট হন। আর শেষ দিকে আফিফ ৫৯ ও ফরহাদ রেজা ৩০ রান করে সম্মান রক্ষার চেষ্টা করেন।

সম্মান তাতে রক্ষা হয়নি। আফগানরা বাংলাদেশের এই স্কোরকে পাত্তাই দেয়নি। ২০২ রানের উদ্বোধনী জুটিতে খেলা শেষ করে দেয় তারা। রাহমানউল্লাহ গুরবাজ ১০৫ রানে এবং ইব্রাহিম জাদরান ৮৬ রানে অপরাজিত থাকেন।