আবারও ড্র করল বিসিবি একাদশ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:২১

মিনি রঞ্জি

স্পোর্টস রিপোর্টার

মিনি রঞ্জি ডাক নামের ড. কে থিমাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে গতকাল চতুর্থ ইনিংসে বাংলাদেশ ৩ উইকেটে ১৫৬ রান তোলার পর দিনের খেলা শেষ হয়।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে পাতিল ক্রিকেট অ্যাকাডেমি ৩৩১ রান করে অলআউট হয়েছিল। জবাবে বিসিবি একাদশ অলআউট হওয়ার আগে ৩০৬ রান তোলে। পাতিল অ্যাকাডেমি দ্বিতীয় ইনিংসে ৩১১ রান তোলে।

দ্বিতীয় ইনিংসে ২০ ওভার বল করে ৯১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এছাড়া নাঈম হাসান ২টি এবং শহিদুল, তাইজুল ও মুমিনুল ১টি করে উইকেট নেন। পাতিল অ্যাকাডেমির অধিনায়ক নউশাদ শেখ ১০৮ রানের ইনিংস খেলেন।

শেষ ইনিংসে বিসিবি একাদশের সামনে লক্ষ্য ছিল ৩৩৭ রান। কিন্তু সে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আর ছিল না এ স্বল্প সময়ে।