সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমন শীল (৩০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মৃত নিমাই শীলের ছেলে।
নিহত সুমনের ভাই পরিতোষ শীল জানান, প্রতিদিনের মত তারা তিন ভাই মিলে মঙ্গলবার সকালে বাড়ি থেকে কাজে বের হয়। সুমন ও আরেক ভাই খুকনী বাজারের সেলুনে কাজ করতেন। দুপুরে তিনি বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া নতুনপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে জবাই করে ফেলে সন্ত্রাসীরা চলে গেলে তার পরিবারের সদস্যরা দ্রুত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পরিতোষ শীল আরো জানান, সুমনের কোন শত্রু ছিল না। কেন এভাবে হত্যার শিকার হলো। আমরা দোষীদের আটক করে ফাঁসি চাই।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ
