এ বছর বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ :অর্থমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:৩০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট হচ্ছে দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট। আমার স্বপ্ন ছিল এমন-ই একটি বাজেট ঘোষণা করা। এ বছর বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৩০ শতাংশে গিয়ে দাঁড়াবে বলে আশা করছি। গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। বর্তমান বাজেটে এমন বিষয়বস্তু সংযোজন করা হয়েছে যা শুধু এক বছরের জন্যই নয় ২০৪১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। তিনি বলেন, বিশ্বব্যাংক আগে কখনো বলতো না যে, আমাদের প্রবৃদ্ধি সাড়ে ছয় ভাগের ওপরে হবে। এবার বিশ্বব্যাংক নিজেই বলছে আমাদের সাত ভাগের ওপরে প্রবৃদ্ধি হবে।

সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমএ করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, আলহাজ ইলিয়াস মিয়া, আবদুল হাই বাবলু, কামাল উদ্দিন, মাসুম হামিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।