প্রধানমন্ত্রী লন্ডন গেছেন

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষকাল সফরে গতকাল শুক্রবার লন্ডন গেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরকালে প্রধানমন্ত্রী আজ শনিবার লন্ডনে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন। এতে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে—সেই আলোচনাই প্রাধান্য        পাবে। এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা বিষয়েও আলোচনা হবে। ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা লন্ডনের এ সম্মেলনে যোগ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিত্সাও গ্রহণ করবেন। আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। গতকাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।