কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সেতুর পাটাতন পানির নিচে তলিয়ে যায়। এরপর সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি এখন বিপত্সীমার ঊর্ধ্বে। পানি বাড়ার কারণে পর্যটন কমপ্লেক্সের আকর্ষণীয় ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে গেছে। তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুর ওপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে পর্যটকদের কাছে রাঙ্গামাটিকে আকর্ষণীয় করার জন্য দুইটি পাহাড়ের সংযোগ দেওয়া কাপ্তাই হ্রদের ওপর ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়। ৩৩৫ ফুট দীর্ঘ মনোরম ঝুলন্ত সেতুটি পর্যটন কমপ্লেক্সের গুরুত্ব ও আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু এ ঝুলন্ত সেতুটি দেখতে প্রায় প্রতিদিন এখানে হাজারো দেশি-বিদেশি পর্যটক আসে।
অভিযোগ রয়েছে, এ সেতুকে ঘিরে পর্যটন কর্তৃপক্ষ কোটি কোটি টাকা আয় করলেও ঝুলন্ত সেতুটি উন্নয়নের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই প্রতিবছর বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় এ ঝুলন্ত সেতুটি। ফলে সেতুর ওপর চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়। আর রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতুর ওপর যেতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ।
