লালবাগে ছুরিকাঘাতে তরুণ খুন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০০:৩৭

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম শামীম হোসেন (১৮)। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধূমপান নিয়ে বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। নিহত শামীম হোসেন শহীদনগরের একটি চুড়ির কারখানার কর্মচারী।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন শামীম। গতকাল রাত ৯টার দিকে শহীদনগরের চার নম্বর গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। আশপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু ফয়সাল জানান, রাফি নামে পরিচিত এক তরুণ শামীমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কী কারণে শামীম হোসেনকে ছুরিকাঘাত করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।