বাংলাদেশকে হালকাভাবে দেখছে জিম্বাবুয়ে 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৪

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। এই সিরিজ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। এই দিক থেকে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। গেল ১৫ এপ্রিল ঢাকায় পা রাখার পরে দলটি সিলেট পৌঁছায় পরদিন। সেদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিলেন ক্রেইগ আরভিনরা। কিন্তু বৃষ্টিতে সেই অনুশীলন পণ্ড হয়েছে। ভেসেছে বাংলাদেশের অনুশীলনও। গতকাল দুই দল নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পেরেছে। স্বল্প প্রস্তুতি হলেও নিজেদেরকে বেশ এগিয়ে রেখেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। দলটি বাংলাদেশকে নিয়ে বেশি চিন্তিত নয়, হালকাভাবেই নিচ্ছে। প্রস্তুতিতে বেশি সময় না পেলেও সেটি নিয়ে ভাবছেন না উইলিয়ামসরা। 

বাংলাদেশকে নিয়ে কোনো চ্যালেঞ্জ না দেখলেও জিম্বাবুয়েকে নিয়ে চ্যালেঞ্জ দেখছেন স্বাগতিকরা। এই সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন গাজী আশরাফ হোসেন লিপুরা। উইকেট ও কন্ডিশন নিজেদের জানা থাকলেও সেটি ভালোভাবে পরখ করে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। তবে নিজেদের কন্ডিশন ও সুবিধার সুযোগ নিতে চান না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল তিনি বলেছেন, 'আমরা স্পোর্টিং উইকেটের পরিকল্পনা করেছি। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নেই। ভালো উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। সুতরাং স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই।' 

এই সিরিজ নিয়ে সিমন্স বলেছেন, 'প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চাই। এখানে (সিলেটে) প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করব, সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম (দ্বিতীয় ও শেষ টেস্ট) নিয়ে ভাবছি না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিচ্ছি।' 

এ দিকে একদিনের প্রস্তুতির পরেই জিম্বাবুয়ের পক্ষ থেকে শন উইলিয়ামস বলেছেন, 'আমার মনে হয়, আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। জিম্বাবুয়েতে আমরা অনেক সময় পেয়েছি। সেখানে পেসাররা বেশ ভালো করেছে। দলের মানসিক অবস্থা এবং পরিবেশ দারুণ রয়েছে।' বৃষ্টিতে অনুশীলন পণ্ড হওয়া নিয়ে তিনি বলেছেন, 'অনুশীলনের সময় বৃষ্টি হওয়ায় ভালো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খেলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা সেই পরিবেশটাকে যেন কাজে লাগাতে পারি, সেটি নিয়েই আলোচনা হয়েছে।' 

বল হাতে বাংলাদেশের অন্যতম ভরসা নাহিদ রানা। তার গতিতে কাবু হন প্রতিপক্ষের ব্যাটাররা। এর আগের কয়েকটি টেস্ট সিরিজে তার প্রমাণ পাওয়া গেছে। এই সিরিজের প্রথম ম্যাচটি তিনি খেলবেন। প্রস্তুতিও নিচ্ছেন লাক্কাতুরায়। তবে বাংলাদেশের মতো নাহিদ রানাকে নিয়েও চিন্তিত নয় জিম্বাবুয়ে। উইলিয়ামস বলেছেন, 'বর্তমানে অনেক বোলারই দ্রুতগতিতে বল করেন। কেবল তিনি একাই (নাহিদ রানা) জোরে বল করেন না। আমরা এটার জন্য প্রস্তুত। আমরা বোলিং মেশিনে প্রস্তুতি করেছি। সেটি মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।' 

আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হবে সিলেট টেস্ট। তার আগে আজ শেষদিনের অনুশীলন রয়েছে, হবে ট্রফি উন্মোচন। এই টেস্টের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ৫০ টাকায়, সর্বোচ্চ ৫০০ টাকার টিকিটও রয়েছে। সিলেটের আম্বরখানায় অবস্থিত মধুমতি ব্যাংক ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে আজ থেকে টিকিট পাওয়া যাবে।

ইত্তেফাক/টিএইচ