চীন-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছরে ঢাকা মেডিকেলের সঙ্গে চীনের ২টি হাসপাতালের চুক্তি বিনিময়

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩৮

চীন বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীনা দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বন্ধুপ্রতীম দেশ হিসেবে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে চীন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি চুক্তি বিনিময় হয়। এসব চুক্তির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে চীনের ইউনান প্রদেশের দুটি হাসপাতালের স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর করা চীনের  হাসপাতাল দুটি হল দা ফার্স্ট পিপলস হসপিটাল অফ ইউনান প্রভিন্স, যার বেড সংখ্যা সাড়ে তিন হাজারের উপরে এবং অপরটি হলো দা ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, যার বেড সংখ্যা সাড়ে চার হাজারের অধিক। দুটি হাসপাতালই দীর্ঘদিন যাবৎ বিশ্বমানের সেবা দিয়ে আসছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণামূলক কাজে সহায়তাসহ আরও বেশ কয়েকটি বিষয়ের কথা চুক্তিতে উল্লেখ রয়েছে। স্বাস্থ্যসেবার আধুনিকায়ন এবং গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, ইউনান প্রদেশের গভর্নর, চীনা এম্বাসেডর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্ট পিপলস হসপিটাল অফ ইউনান প্রভিন্স হাসপাতালের পক্ষ থেকে হসপিটালের প্রেসিডেন্ট নি জুনসুয়ে এবং দা ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লিয়াং হংমিন। 

এ প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের দেশের মানুষের ভরসার জায়গা। চীনের বড় দুটি হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করায় আমাদের চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষতা অর্জন করতে পারবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতেও এই চুক্তি স্বাক্ষর সহায়ক হবে। তিনি চীনা দূতাবাসসহ চীনের হাসপাতাল টিমকে ধন্যবাদ জানান এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে আয়োজনে ভূমিকা রাখায় অত্র হাসপাতালের উপপরিচালক ডা. মো. আশরাফুল আলমকে বিশেষভাবে ধন্যবাদ জানান। 

চীনের ইউনান প্রদেশের বৃহৎ দুটি হাসপাতালের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে এ ধরনের আন্তর্জাতিক মানের হাসপাতালের চুক্তি আমাদের চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং একইসঙ্গে স্বাস্থ্য সেবার গুনগতমান বৃদ্ধিতে সহায়ক হবে। বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মহাপরিচালক এবং চীনা দূতাবাস কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

চুক্তি বিনিময় অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষও উপস্থিত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. সামি আল হাসান ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে চীনের বড় দুটি হাসপাতালের চুক্তি স্বাক্ষরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই চুক্তি স্বাক্ষরের ফলে ঢাকা মেডিকেল বিশেষভাবে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব ডা. জাকারিয়া আল আজিজ এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নোমান। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় চীনা হাসপাতাল কর্তৃপক্ষকে অন্যান্যদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউরোলজি বিশেষজ্ঞ ডা. পিসি বিশ্বাস, ডা. আকন, ডা. রহমান, ডা. অনুপ, ডা. সাদ, ডা. আখিসহ আরও অনেকেই।

উল্লেখ্য, গত মাসে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ চীনা দূতাবাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বেশ কয়েক কোটি টাকা মূল্যের ভ্যান্টিলেটরসহ অন্যান্য ভারী মেডিকেলে যন্ত্রপাতি উপহার হিসেবে প্রদান করেছে। 

ইত্তেফাক/এমএএস