আগামী ২৫ এপ্রিল ভোরের আকাশে একটি দুর্লভ ও মজার দৃশ্য দেখা যাবে। শুক্র গ্রহ, শনি গ্রহ এবং অর্ধচন্দ্র একসঙ্গে মিলে আকাশে একটি ‘হাসিমুখ’-এর মতো আকৃতি তৈরি করবে। বিরল এই দৃশ্যকে 'ট্রিপল কনজাংশন' বলা হয়।
নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ভোরের আকাশে পূর্ব দিগন্তের কাছে এই দৃশ্যটি দেখা যাবে। আপনি যদি সঠিক সময়ে ও সঠিক জায়গায় তাকান, তাহলে মনে হবে আকাশের হাসিমুখ আপনার দিকে তাকিয়ে আছে!
ট্রিপল কনজাংশন কী?
জ্যোতির্বিজ্ঞানে, যখন দুই বা ততোধিক আকাশের বস্তু (যেমন: গ্রহ বা চাঁদ) যখন খুব কাছাকাছি দেখায়, তাকে ‘কনজাংশন’ বলে। যখন তিনটি বস্তু একসঙ্গে এমনভাবে দেখা যায়, তখন তাকে ‘ট্রিপল কনজাংশন’ বলা হয়। এই ঘটনা খুবই দুর্লভ এবং আকর্ষণীয়।
নাসার সোলার সিস্টেম অ্যাম্বাসেডর ব্রেন্ডা কালবার্টসন বলেছেন, ২৫ এপ্রিল শুক্র গ্রহ পূর্ব দিগন্তে ওপরে থাকবে, শনি তার একটু নিচে, আর অর্ধচন্দ্রাকৃতি চাঁদ আরেকটু নিচে ও একটু উত্তর দিকে থাকবে। চাঁদের পাতলা আকৃতি দেখতে হাসির মতো। অনেকের কাছে এই তিনটি উজ্জ্বল বস্তুর 'ত্রিভুজ' একটি হাসিমুখের মতো মনে হবে।
কোথায় দেখা যাবে?
লাইভ সায়েন্সের তথ্য বলছে, এই দৃশ্য বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখা যাবে, যদি আবহাওয়া পরিষ্কার থাকে এবং পূর্ব দিগন্তে কোনো বাধা না থাকে। তবে এটি দেখার জন্য সময় খুব কম পাওয়া যাবে, কেননা এটি ভোরে দৃশ্যমান হবে।
কখন, কীভাবে দেখবেন?
নাসার তথ্য অনুযায়ী, এই 'ট্রিপল কনজাংশন' সূর্যোদয়ের প্রায় এক ঘণ্টা আগে সবচেয়ে ভালো দেখা যাবে।
বাংলাদেশে এই দৃশ্যটি ২৫ এপ্রিল ভোর ৪টা ৩০ থেকে ৫টা ৩০-এর মধ্যে সবচেয়ে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই সময় পূর্ব দিগন্তে শুক্র, শনি এবং অর্ধচন্দ্রাকৃতি চাঁদ একত্রে হাসিমুখের আকৃতি তৈরি করবে।
লাইভ সায়েন্স জানিয়েছে, এটি দেখতে হলে পূর্ব দিগন্তের দিকে তাকাতে হবে। দিগন্তে কোনো বাধা, যেমন: উঁচু ভবন বা পাহাড় না থাকলে দৃশ্যটি আরও স্পষ্ট হবে। এ দিন বুধ গ্রহও দিগন্তের খুব কাছে দেখা যেতে পারে। পরিষ্কার আকাশ এবং অন্ধকার পরিবেশে এই দৃশ্য উপভোগ করা সহজ হবে।
আরও কিছু তথ্য
লিরিড উল্কাবৃষ্টি: এই ট্রিপল কনজাংশনের আগে, ২১-২২ এপ্রিল রাতে লিরিড উল্কাবৃষ্টির সবচেয়ে সুন্দর সময় দেখা যাবে। রাত ১০টা ৩০ থেকে ভোর ৫টার মধ্যে ঘণ্টায় ১৫টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। এ সময় চাঁদের আলো কম থাকবে, তাই উল্কাগুলো আরও স্পষ্ট দেখা যাবে।
কীভাবে আরও ভালো দেখবেন: শহরের আলো থেকে দূরে, অন্ধকার জায়গায় গেলে এই দৃশ্য আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন।

