মির্জাপুরে সেনাবাহিনীর উদ্যোগে গবাদি পশুর চিকিৎসা প্রদান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:২৬

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার অঞ্চলের আয়োজনে মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের আজগানা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে গবাদি-পশু ও হাঁস মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার জানান, সেনাবাহিনীর উদ্যোগে সাভার আরডি এন্ড এফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় আজগানা ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদের জনসাধারণের গবাদি প্রাণী ও হাঁস মুরগীর বিনামূল্যে টিকা, কৃমিনাশক, অসুস্থ প্রাণী এবং হাঁস মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, গবাদি প্রাণী পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদি প্রাণীর সাধারন রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে। 

চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চলের কর্নেল আব্দুল বাকী পিএসসি। এসময় লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ রেজাউল করিম, মেজর আসাদ ও মেজর মুক্তার, মির্জাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফ উদ্দিনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, মিলিটারি ফার্মের ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচ