ঈদে যাত্রীচাপ সামলাতে ৪০ বগির মেরামত চলছে

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪২

সৈয়দপুর রেল কারখানা

মো. আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রেলওয়ের জরাজীর্ণ পুরোনো বগি মেরামত করে সচল করা হচ্ছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেল কারখানায়। যাত্রীবাহী এসব সচল বগি দিয়ে ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন করবে পশ্চিমাঞ্চল রেলওয়ে। সৈয়দপুর রেলওয়ে কারখানায় তীব্র জনবল সংকট ও পর্যাপ্ত মালামালের অভাবে বগি মেরামতের সংখ্যা ৭৫ থেকে নামিয়ে মাত্র ৪০টি করা হয়েছে। অথচ গতবছর ঈদে ৭৫টি বগি মেরামত করা হয়েছিল। এবার মাসিক বগি মেরামতের সিডিউলের সঙ্গে ৪০টি বগি সচল করার কাজ জোরেশোরে চলছে রেল কারখানায়। এসব বগি দিয়ে পশ্চিম রেলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি করা হবে। একইসঙ্গে ঢাকা রুটে পার্বতীপুর ও খুলনা থেকে দুটি ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে সবকটি বগি রেলের ট্রাফিক বিভাগে সরবরাহ করার লক্ষ্যস্থির করেছে কারখানা কর্তৃপক্ষ। সচল ৪০টি বগির মধ্যে ৩০টি পাকশি ও ১০টি লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে অর্ধেক বগি হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট বগি ঈদযাত্রার আগেই হস্তান্তর সম্পন্ন হবে।

 রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু হয় ঈদযাত্রার বগি মেরামতের কাজ। রেল কারখানার পাঁচটি উপ-কারখানা (শপে) ক্যারেজ, বগি, জেনারেল ওভারহোলিং, ক্যারেজের হেভি রিপিয়ার ও পেইন্ট শপে চলছে বগি সচল করার কর্মব্যস্ততা। এর সঙ্গে কারখানার আরো ২৩টি উপ-কারখানা বগির যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরির কাজ করছে। সবমিলিয়ে কারখানার ২৮টি উপ-কারখানার শ্রমিক, কারিগর ও প্রকৌশলীরা কর্মব্যস্ত সময় পার করছেন। জনবল সংকটের কারণে বগি সরবরাহের লক্ষ্য পূরণ করতে শতভাগ কর্মঘণ্টা ব্যয় করছেন শ্রমিক-কারিগররা। মোট ৪০টি বগির মধ্যে ব্রডগেজ রেলপথের ৩০টি বগি রয়েছে। এর মধ্যে ব্রডগেজ ২২টি বগি সরবরাহ সম্পন্ন হয়েছে।

সূত্রমতে, সড়কপথে অহরহ দুর্ঘটনা, যানজট, মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে ঘরমুখো মানুষ ট্রেনমুখী হয়ে উঠেছেন। ফলে ঈদযাত্রায় ট্রেনমুখী অধিক যাত্রী বহন করতে অতিরিক্ত বগি মেরামত চলছে কারখানায়। এসব বগি রেলওয়ে বহরে যুক্ত হলে ঈদের আগে ও পরে প্রায় ৬০ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধা পাবেন।

এ ব্যাপারে রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, রেলওয়ে বহরে বগির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক বিভাগের ডিপোয় রাখা অচল পুরোনো বগি সংগ্রহ করে কারখানায় নতুন করে সচল করা হচ্ছে। এ কাজের জন্য মজুদ মালামাল ও কারখানার মেশিনারি উপ-কারখানায় (শপ) তৈরি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। জনবল সংকটের মধ্যেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সকাল-বিকেল একটানা কাজ করছেন শ্রমিক-কারিগররা।

জানতে চাইলে, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম জানান, ঈদযাত্রায় রেলওয়েতে অধিক সংখ্যক যাত্রী পরিবহন করতে কারখানায় অতিরিক্ত বগি মেরামত করা হচ্ছে। আগামী আগস্টে প্রথম সপ্তাহে সবকটি বগি ট্রাফিক বিভাগে হস্তান্তর সম্পন্ন হবে। বগিগুলো দিয়ে প্রতিটি আন্তঃনগর ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হবে। কারখানায় জনবল সংকটের মধ্যেও এ কাজ ভালোভাবে এগিয়ে চলছে বলে জানান তিনি