বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ‘একনিজ ফিড মিলের’ ট্রান্সফরমার রুম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
একনিজ ফিডমিলের নাইটগার্ড আব্দুল খালেক জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে ফিডমিলের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে হাইভোল্টের বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন থাকায় তিনি ট্রান্সফরমার রুমে প্রবেশ করেন। রুমে ঢুকে দেখতে পান, অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে আছে। এসময় ট্রান্সফরমারের তার যুবকের শরীরে প্যাঁচানো ছিল। পরে পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতনামা ওই যুবক মারা গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি বৈদ্যুতিক তার কাটার সরংঞ্জাম উদ্ধার করা হয়েছে।
