বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের ছাড় দেওয়া হবে না: আসাদুজ্জামান নূর

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৫০

সাবেক সংস্কৃতিমন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের ছাড় দেওয়া হবে না। 

শনিবার দুপুরের দিকে স্থানীয় শহীদ মিনার চত্বরে জেলা যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নূর বলেন, দেশের এখন আমূল পরিবর্তন হয়েছে, কৃষির বিপ্লব ঘটেছে। কৃষক এখন এক বিঘায় ৩০ থেকে ৩৫ মণ ধান ফলাচ্ছে। ২০ বছর আগে ওই জমিতে কৃষক ধান ফলাতো ১০ থেকে ১২ মণ। এই উন্নয়ন শেখ হাসিনার অবদান। 

তিনি আর বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ধর্মের নামে এখনও ষড়যন্ত্র করছে। শুধু তাই নয় ধর্মের নামে মানুষ খুন করছে। গ্রামে-গঞ্জে মা বোনদের ধর্মের নামে বিভ্রান্ত করছে। তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। 

উল্লেখ্য, জেলা যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শান্তনা চক্রবর্তীকে সভাপতি ও ইসরাত জাহান পল্লবীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক ও যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। 

আরও পড়ুন: এবার ভিক্ষুককে গণপিটুনি

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি মিসেস রাবেয়া আলীম, সংরক্ষিত আসনের এমপি ও যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোদেজা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য বীথি ইয়াসমিন, সহশিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আরিফা সুলতানা ও  সাধারণ সম্পাদক শান্তনা চক্রবর্তী প্রমুখ।

ইত্তেফাক/অনি