g বিনোদন ডেস্ক
অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গল্প কে না জানে। কয়েকমাস প্রেম নিয়ে লুকোচুরি করলেও তারা প্রকাশ্যে আসেন এক সময়। তবে সেই প্রেম খুব বেশিদিন টেকেনি। সেটা নিয়েও বলিউড ছিল তোলপাড়। কিন্তু বিচ্ছেদের সেসময়গুলোর কথা মনে উঠলে ক্যাটরিনা কী এখনো দুঃখ পান? কিংবা বিচ্ছেদের পর কেমন কেটেছিল ক্যাটরিনা জীবন। সম্প্রতি তিনি না বলা অনেক কথা বলেছেন জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ভোগ-এ। ক্যাটরিনা বলেন, ‘এখন মনে হয় সেসব আমার জন্য আশীর্বাদই ছিল। কারণ আমি নিজেকে চিহ্নিত করতে পেরেছিলাম। আমার চিন্তা পদ্ধতি, পুরো জীবন নিয়েই অনুধাবন করতে পেরেছি। একদম ভিন্ন পরিপ্রেক্ষিত থেকে সেসব দেখতে পারি এখন।’ ক্যাটরিনা আরো বলেন, ‘এটা সম্ভবত আমার জীবনের প্রথম ঘটনা, যখন আমি সত্যিই নিজের কথা ভাবছিলাম এবং যখন তুমি নিজের দিকে তাকাবে, প্রায়ই প্রথম যে ব্যাপারটা তুমি অনুধাবন করবে তা হলো তুমি সত্যিই নিজেকে চেনো না। এটা না জানার সময়, অস্বস্তির সময়। কারণ তুমি তোমার প্রকৃত রূপটি দেখছো আর তুমি জানোই না আসলে কে তুমি!’ এখনো কি কষ্ট অনুভব করেন ক্যাটরিনা? না, ক্যাটরিনা এ ধরনের আবেগে আর বিশ্বাসী নন। তিনি বলেন, ‘একের প্রতি নির্ভরতার আবেগ এখন এই গ্রহে ফিকে হয়ে গেছে। জীবনে যে সিদ্ধান্তই আসুক না কেন সেটাই সেরা সিদ্ধান্ত। কারণ এই সিদ্ধান্ত তুমিই নিয়েছো!’ মুম্বাইয়ে সদ্য-বিবাহিত তারকাযুগল দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। খুবই সাদামাটা শাড়ি পরে নবদম্পতিকে শুভকামনা জানাতে গিয়েছিলেন এ সুন্দরী। এছাড়া তিনি এখন ব্যস্ত সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবির শুটিং নিয়ে। সালমান খানের সঙ্গেও প্রেম ছিল ক্যাটরিনার। সেই সম্পর্কও টেকেনি। এদিকে, ২১ ডিসেম্বর মুক্তি পাবে ক্যাটরিনা অভিনীত ‘জিরো’।
