যাত্রা শুরু করলো জীবনযাত্রার প্রতিমাসের অনলাইন পত্রিকা ‘শব্দ মুকুর’। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর বনানী ক্লাবে এক জমকালো আয়োজনে ‘শব্দ মুকুর’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শব্দ মুকুর’-এর নির্বাহী সম্পাদক জুলিয়া ইসলাম, ‘মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন এন্ড মিডিয়া’-এর প্রতিষ্ঠাতা ফারাহ জেহির, এবং শিল্প ও সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’-এর প্রধান সম্পাদক কেতন শেখ, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, খ্যাতনামা লেখক ফরিদা হোসেন এবং বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘মনন মুকুর’ কবিতা উৎসব। কবি অয়ন আবদুল্লাহ, ফারাহ জেহির ও তানজীনা ফেরদৌস এর কবিতা আবৃত্তি ও আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষাংশে সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার তাঁর একক সঙ্গীত পরিবেশনা দিয়ে দর্শক-শ্রোতাদের মোহিত করেন।
‘শব্দ মুকুর’ জীবনযাত্রা, সাহিত্য ও সংস্কৃতির এক নতুন সংযোজন হিসেবে অগ্রসর হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
