ফিরেছেন ডিকওয়েলা, উপেক্ষিত চান্দিমাল
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, অথচ ২২ জন ক্রিকেটারকে নিয়ে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এর চেয়েও অবাক করা ব্যাপার হলো সেই ২২ জনের মধ্যেও জায়গা হয়নি ২৯ বছর বয়সী সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালের। গেল বিশ্বকাপ দলেও তিনি ছিলেন না।
বিশ্বকাপে ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েছেন মিলিন্দা সিরিবর্ধনে, জেফরি ভ্যান্ডারসে, সুরঙ্গ লাকমালম ও জীবন মেন্ডিস। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা ও আকিলা ধনঞ্জয়া। বিশ্বকাপ দলে এই দুজনের বাদ পড়ার জের ধরে অনেক তর্ক-বিতর্ক হয়েছিল।
বিশ্বকাপের মাঝপথেই ইনজুরি নিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন ফাস্ট বোলার নুয়ান প্রদীপ। তিনি পুরো ফিটনেস ফিরে পেয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। আরো ফিরেছেন লাহিরু কুমারা ও লক্ষণ সান্দাকান। দ্বিমুথ করুনারত্নের অধিনায়কত্বে সন্তোষ প্রকাশ করেছে শ্রীলঙ্কান বোর্ড। ফলে, তার ওপরই আপাতত ভরসা রাখা হচ্ছে। বিশ্বকাপের আগে হঠাত্ করেই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে আগামী ২৬ জুলাই, শুক্রবার। শেষ হবে ৩১ জুলাই।
বিশ্বকাপ শেষে এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল। সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। বাংলাদেশের অবস্থা ছিল আরেকটু খারাপ। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ আসরে গিয়ে বাংলাদেশ আটে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। বাংলাদেশের পেছনে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
বিশ্বকাপে অবশ্য মুখোমুখি হওয়ারই সুযোগ পায়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কারণ, গ্রুপ পর্বে ব্রিস্টলে এই দুই দলের ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। মঙ্গলবার শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ দল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে পি. সারা ওভালে। সেই ম্যাচের অধিনায়ক থাকবেন ডিকওয়েলা।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
দ্বিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও লাহিরু মাদুশাঙ্কা।
