অবসরের সিদ্ধান্ত পালটালেন ধোনি

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:০৬

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মাঝপথেই জানিয়েছিলেন যে, বিশ্বকাপটাই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। তবে, সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও, আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন না।

আজ রোববার ক্যারিবিয়ানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নির্বাচক কমিটি। দ্বৈত অধিনায়কের ধারায় আবারও ভারত ফিরতে পারে—এমন গুঞ্জন আগেই উড়িয়ে দিয়ে বিসিসিআই কোহলিকেই সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে বহাল রাখছে।

নির্বাচক কমিটির পাঁচ সদস্যের সঙ্গে দল নিয়ে আলাপ করতে বৈঠকে বসবেন বিরাট কোহলি। ঐ বৈঠকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল চূড়ান্ত হবে। এ সিরিজের জন্য শীর্ষ অনেক ক্রিকেটারকেই বিশ্রাম দিতে পারে বিসিসিআই। এর মধ্যে পেসত্রয়ী জাসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামিও আছেন। শিখর ধাওয়ান ও পৃথ্বী শ এই সফরের জন্য বিবেচিত হবেন না, কারণ তারা এখনো ইনজুরি কাটিয়ে পুরো ফিটনেস ফিরে পাননি।

ভারতীয় ‘এ’ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। সেই দলে থাকা নবদ্বীপ সাইনি, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া, মানিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলরা তাই জাতীয় দলে সুযোগ পেতে পারেন।

কোহলির সঙ্গে নির্বাচকদের বৈঠকেও ধোনির প্রসঙ্গ আসবে।  শুধু তাই নয়, দুটি ভিন্ন ফরম্যাটে ভারতকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া ধোনির সঙ্গে কথা বলবেন বিসিসিআইয়ের কর্মকর্তারাও। বোঝা যাচ্ছে, বিশ্বকাপে ব্যর্থতার পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা ধোনি এখন আর দলে ‘অটোমেটিক চয়েস’ নন বরং ৩৮ বছর বয়সি ধোনির ওপর আর ভরসা না রেখে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে বোর্ড পরিচালকরা। বিশেষ করে ধোনির ব্যাটিংটা আর আধুনিক ক্রিকেটের সঙ্গে যায় না বলেই মনে করছেন তারা।

ধোনির দীর্ঘদিনের বন্ধু ও ব্যাবসায়িক অংশীদার অরুণ পান্ডে অবশ্য বলছেন, সদ্যই অবসর নিয়ে ফেলার কোনো পরিকল্পনা নাকি ধোনির নেই। তিনি বলেন, ‘ওর সহসাই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ওর মতো গ্রেট একজন ক্রিকেটারের ভবিষ্যত্ নিয়ে যেভাবে আলোচনা চলছে সেটা খুবই দুর্ভাগ্যজনক।’

ধোনি ভারতের তো বটেই, বৈশ্বিক প্রেক্ষাপটেই সর্বকালের সেরা অধিনায়কদের একজন। তিনি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি—সবগুলো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন অধিনায়ক হিসেবে। রাঁচিতে জন্ম নেওয়া এই ক্রিকেটার নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৫০টি ওয়ানটে, ৯০টি টেস্ট ও ৯৮টি টি-টোয়েন্টি খেলেছেন।