স্পোর্টস রিপোর্টার
গত শুক্রবারের (১৯ জুলাই) বিকাল, সন্ধ্যায় বাংলাদেশের ক্রিকেটে বয়ে গেছে ছোটো-খাটো ঝড়। বিকালে চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের কাছে ১০ উইকেটের বড় হার বরণ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। সন্ধ্যায় চোটে পড়ে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে পড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাইফউদ্দিন।
সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে হারের লজ্জায় পড়া ‘এ’ দল আজ আবার মাঠে নামছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সাগরিকায় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়া মিঠুন-সাব্বিরদের জন্য আজকের ম্যাচটি ঘুরে দাঁড়ানোর মিশন। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে প্রথম ম্যাচে ২০১ রান করতে সমর্থ হয়েছিল স্বাগতিকরা। যা আফগান ওপেনাররাই টপকে গেছেন। প্রথম ম্যাচ হারলেও আজ নিশ্চিতভাবেই সিরিজে ফিরতে চাইবে ‘এ’ দল। আজও ‘এ’ দলের হয়ে খেলবেন শ্রীলঙ্কা সিরিজে ডাক পাওয়া চার ক্রিকেটার। মিঠুন, সাব্বির, ফরহাদ রেজা, এনামুল হক বিজয়রা এই ম্যাচ খেলেই আগামীকাল কলম্বো যাবেন।
তাদের জায়গায় শেষ তিন ওয়ানডের জন্য ‘এ’ দলে ডাক পাচ্ছেন আরও চার ক্রিকেটার। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, দুই উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান, জাকির আলী অনিক যুক্ত হচ্ছেন ‘এ’ দলে। তাদের সঙ্গে পেস বোলার শফিউল ইসলাম ও শফিকুল ইসলাম ডাক পেয়েছেন। যার মধ্যে বগুড়ার বাঁহাতি পেসার শফিকুল একেবারেই নতুন মুখ। বিসিবির এইচপির প্রোগ্রামের বোলার শফিকুল।
