সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। কুলাউড়া জংশন স্টেশনের কাছে আউটার এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। মৌলভীবাজারে কালনী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা সিলেট রোডে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কুলাউড়া জংশন স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, কালনী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা সিলেট রোডে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত হওয়া বগি রেখেই কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেট আখাউড়া রেললাইন ঝুঁকিপূর্ণ হওয়াতে এই রোডের ট্রেনগুলো ঘন ঘন দুর্ঘটনা কবলিত হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে একই স্থানে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় আড়াই ঘণ্টা এই রোডে ট্রেন চলাচল বন্ধ ছিল। গত ২৩ জুন সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন কুলাউড়ার বরমচাল বড়ছড়া ব্রিজে লাইনচ্যুত হয়ে চার জন নিহত ও দুই শতাধিক আহত হন।
