কুষ্টিয়ায় দুই দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ‘ত্রিমুখী বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারী নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার অন্তর্গত হররা গ্রামের মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১টার দিকে হররা গ্রামের মাঠের মধ্যে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাদক কারবারীরা তা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রফিকুলকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত রফিকুল এক জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিল। তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সে পরিবহন শ্রমিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে আসছিল। নিহত রফিক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত মোহন মন্ডলের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বিরুদ্ধে অস্ত্র মামলা ২টি ও ৫টি মাদক মামলা রয়েছে।
