ভোলা-৩ আসন

জয়ের কৌশল নির্ধারণে ব্যস্ত শাওন এলাকায় ফিরছেন না হাফিজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৭

লালমোহন (ভোলা) সংবাদদাতা 

ভোলা-৩ আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় সব রকম প্রস্তুতি শেষ করেছেন এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। গত এক বছর ধরে নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রতিটি গ্রামে জনসভা এবং উঠান বৈঠক থেকে শুরু গণসংযোগের কাজও শেষ করে ফেলেছেন তিনি। এখন চলছে কেন্দ্র কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া। এ জন্য লালমোহন পৌরসভার কলেজপাড়ার নিজ বাসভবনের আঙ্গিনায় নির্মিত নির্বাচনী পর্যবেক্ষণ সেলে কর্মীদের নিয়ে দিন-রাতে চলছে তার নির্বাচনী কৌশল নির্ধারণের কাজ। 

জানতে চাইলে লালমোহন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল বলেন, আমাদের এখন আর প্রচার-প্রচারণার কাজ নেই। এখন চলছে কীভাবে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবো। গত ১০ বছর আমরা ভোটারদের কাছে গিয়েছি, জনগণকে সুবিধা দিয়েছি। বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এ আসন থেকে পর পর দুই মেয়াদে এমপি হয়ে সুসংগঠিত কর্মীবাহিনী গঠন করার পাশাপাশি লালমোহন-তজুমদ্দিনে উন্নয়নের ভিত রচনা করেছেন। দলমত নির্বিশেষে মানুষ আ’লীগ প্রার্থী শাওনকে ভোট দেবে।

এ দিকে নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন লাভ করে আ’লীগ প্রার্থী শাওন নির্বাচনী এলাকায় বিচরণ করলেও প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এখনও ফিরছেন না নেতা-কর্মীদের মাঝে। এ আসন থেকে একটানা ৬ বার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনে শাওনের কাছে হেরে গিয়ে সব হিসাব-নিকাশ পাল্টে যায় তার। মনোনয়ন লাভ করলেও নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত মেজর অব. হাফিজ এলাকায় ফিরছে না বলে জানা গেছে। তবে শনিবার দেয়া এক ভিডিও বার্তায় মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি শীঘ্রই লালমোহন-তজুমদ্দিনের মানুষের মাঝে ফিরবো এবং সন্ত্রাস বিতাড়নের জন্য প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে।