কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সহচর, স্বরলিপিকার, সংগীতগুরু শৈলজারঞ্জন মজুমদারের ১১৯তম জন্মদিন ছিল কাল। তার জন্মদিন এবং এস বি বিপ্লব নির্মিত ‘রবির কিরণে শৈলজারঞ্জন’ শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্রের মুক্তি উপলক্ষ্যে গতকাল শনিবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার রুমে ‘চয়নিকা’র উদ্যোগে ছিল সংগীত পরিবেশনা ও সেমিনার।
রবীন্দ্রনাথ ঠাকুর ও আচার্য শৈলজারঞ্জন মজুমদারের মধ্যে আদান প্রদানের চিঠির মধ্য হতে নির্বাচিত ছয়টি চিঠি পাঠ করা হয়।
সেমিনারে ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের লিখিত প্রবন্ধ ‘গীতাম্বুধি শৈলাজারঞ্জন’ পাঠ করেন সুমনা বিশ্বাস এবং সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. ইনামুল হক, ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যায়ের সংগীত ভবনের অধ্যাপক ড. সুমিত বসু, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ, নাট্যজন এস এম মহসীন, শৈলজারঞ্জন মজুমদারের স্কুল—নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান খানসহ আরো অনেকে।
শেষ হলো ছায়ানটের রবীন্দ্র উত্সব
দুই দিনের রবীন্দ্র উত্সবের শেষ দিনেও শিল্পীদের গানে নাচে মুখর হয়ে উঠেছিল ছায়ানট ভবন। ছায়ানটের প্রধান মিলনায়তনে ‘আকাশ জুড়ে শুনিনু’ এ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গান ও নাচের সমন্বয়ে শিল্পীরা পরিবেশন করে ‘আমার প্রাণের মানুষ’।
প্রকাশিত হলো রবীন্দ্রসংগীতের দ্বিভাষিক অ্যালবাম
বাংলা ও ইংরেজি ভাষায় রবীন্দ্রসংগীতের গান নিয়ে হাজির হয়েছেন দুই গুণী শিল্পী স্বপন দত্ত ও আনন্দময়ী মজুমদার। প্রথমবারের মতো দ্বিভাষিক ভাষায় বাংলাদেশ থেকে প্রকাশিত হলো তাদের অডিও অ্যালবাম। ‘পূর্ব-পশ্চিমে রবি’ শিরোনামে এ অ্যালবামের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। বাংলা ও ইংরেজি ভাষাভাষি মানুষের কাছে কবিগুরুর সুর ও বাণীর সৌন্দর্য তুলে ধরতে এ অ্যালবাম প্রকাশ করেছে সতত লিমিটেড। রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রসংগীতের দ্বিভাষিক অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় শিল্পী স্বপন দত্ত ও আনন্দময়ী মজুমদারের সংগীত সন্ধ্যা। এ ছাড়াও অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেন ভারতের শিল্পী সুতপা ভট্টাচার্য।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সুরকার সুজেয় শ্যাম।
