জয়পুরহাটে কে পাচ্ছেন ধানের শীষ খলিলুর নাকি মোস্তফা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৭

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা 

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির দুই সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও প্রকৌশলী গোলাম মোস্তফা দলীয় মনোনয়ন পেয়েছেন। এই দুই সাবেক এমপির মধ্যে একজন পাবেন দলীয় প্রতীক ধানের শীষ। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে বিএনপির ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার বিএনপির দলীয় প্রার্থী আবু ইউসুফ মো. খলিলুর রহমান এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি একবার জাতীয় সংসদের হুইপও ছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবু ইউসুফ মো. খলিলুর রহমান বিএনপি ত্যাগ করে কর্নেল (অব) অলি আহমদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন। সেই সময় নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি নতুন মুখের আর্বিভাব ঘটে। এই আসনে আসেন চার দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে আবু ইউসুফ মো. খলিলুর রহমান শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন কারণে দীর্ঘ প্রায় দশ বছর জয়পুরহাট জেলার রাজনীতির মাঠে নিরব ছিলেন। তিনি বিএনপি ত্যাগের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবু ইউসুফ মো. খলিলুর রহমানকে বিএনপিতে ফিরিয়ে নেয়। এই আসনে দুই সাবেক এমপিসহ মোট ১৩ জন বিএনপির মনোনয়নপত্র কিনেছিলেন। দলের দুই সাবেক এমপি আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও প্রকৌশলী গোলাম মোস্তফাকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। রবিবার জেলা রিটার্নিং অফিসার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জয়পুরহাট-২ আসন থেকে তাদের দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।