কোম্পানীগঞ্জে গরুর ফসল নষ্ট করা নিয়ে কথা কাটাকাটিতে ১ জন নিহত 

আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:২৩

সিলেটের সীমান্ত এলাকা কোম্পানীগঞ্জে গরুর ফসল নষ্ট করা নিয়ে কথা–কাটাকাটির এক পর্যায়ে সামছুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ মে) রাতে তেলিখাল ইউনিয়নের শিলাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিলাকড়ি গ্রামের বাসিন্দা।

বুধবার সন্ধ্যায় শিলাকড়ি গ্রামে সামছুল হকের ফসলি জমিতে তাঁর ভাই কুতি মিয়ার একটি গৃহপালিত গরু ঢুকে পড়লে সবজি নষ্ট হওয়ার অভিযোগে  কুতি মিয়াকে ডেকে ক্ষোভ প্রকাশ করেন সামছুল। এ সময় সামছুল হকের স্বজনরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পরে। 

একপর্যায়ে সামছুল হকের সঙ্গে তাঁর ভাই কুতি মিয়া ও ভাতিজা আল আমিনের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সামছুলকে কুপিয়ে আহত করা হয়।

তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই সামছুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/ টিএস