পাবনা প্রতিনিধি
টঙ্গীর বিশ্ব ইজতেমা প্রস্তুতি মাঠে কর্মরত তাবলীগি সমর্থক আলেমদের ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার পাবনায় মানববন্ধন হয়েছে। পাবনা জেলা উলামা পরিষদ ও জেলা তাবলীগ জামাতের উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন স্থানের আলেম, ওলামা, তাবলীগি সাথী ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাবনা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল ও তাবলীগি জামাতের পক্ষে মাওলানা মিজানুর রহমান। বক্তারা অবিলম্বে টঙ্গীর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে উলামা-মাশায়েখসহ সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কলমাকান্দায় মঙ্গলবার বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা আলী উছমান যুক্তিবাদী, লুত্ফুর রহমান ফারুকী, উছমান গণি, মাওলানা আবুল কাশেম, খন্দকার আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম মাষ্টার, মাওলানা আবুল হাশেম ও মাওলানা জয়নাল আবেদীন। মিছিলটি কলমাকান্দা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সমাবেশ করে।
