বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। এই দল থেকে চারজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি গত ২৮ নভেম্বর দলীয় প্রার্থী হিসেবে বাঘা মাজার জিয়ারত শেষে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে বিএনপি থেকে পৃথক পৃথক ব্যানারে নিজ নিজ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন প্রার্থী। এদের মধ্যে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চারঘাট বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ কারাগারে থাকায় তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন কর্মী-সমর্থকরা। একই সঙ্গে জাসাস কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান খান মানিক এবং জেলা বিএনপির সদস্য বজলুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে স্থানীয় নেতকর্মীদের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কেন্দোল এবং বিভক্তির বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠে।
তবে সাধারণ জনগণ বলছেন, এদিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। কারণ সাবেক বাঘা পৌর মেয়র আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এবং সাবেক এমপি রায়হানুল হক রায়হান মনোনয়ন বঞ্চিত হয়ে ফিরে এলেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে তাদের কোনো প্রচারণা নেই, তারা কেউ আলাদাভাবে মনোনয়নপত্রও দাখিল করেননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, একটা বড় দল থেকে অনেকেই মনোনয়ন চাইতে পারে এটা কোনো বিষয় নয়। তবে দল যাকে নৌকার মাঝি করেছেন তিনি যোগ্য প্রার্থী। গত ১০ বছরে তার অনেক উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান। আমরা আশা করছি আমাদের মধ্যে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সঙ্গে যেটুকু দূরত্ব রয়েছে সেটুকু কেটে যাবে এবং এই আসনে নৌকা প্রতীক আবারও বিজয়ী হবে।
