ভোলার লালমোহনে ১০ লাখ টাকা মূল্যের বাগদা চিংড়ির পোনা পাচারকালে পাচজনকে আটক করেছে মৎস্য প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) রাত ১২ টার দিকে উপজেলার তেতুঁলিয়া নদী সংলগ্ন নাজিরপুর ঘাটে এক অভিযান তাদের আটক করা হয়।
এ সময় মোট ১০টি প্লাষ্টিকের ব্যারেল ভর্তি বাগদা চিংড়ি পোনা পাওয়া যায়। আটককৃতরা হলেন মোঃ রিয়াজ, মোঃ কবির, মোঃ কামরুল, মোঃ ভুট্টু এবং মোঃ পারভেজ। তাদের বাড়ি তজুমদ্দিন উপজেলার চাচড়া ও হাসান নগর গ্রামে।
উপজেলা মৎস্য অফিসার আলী আহমদ আখন্দ জানান, উদ্ধারকৃত বাগদা চিংড়ির পোনা তেতুঁলিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এসব চিংড়ির পোনা ধরা আইনগত দন্ডনীয় অপরাধ বলে জানান তিনি। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
