র‌্যাব পরিচয়ে ২ প্রবাসীকে অপহরণ করে সর্বস্ব লুট

আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:০১

মুন্সীগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট এলাকায় র‍্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীনগর উপজেলার মাসুরগাও পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন জসিম শেখ ও সুজন খান।

ভুক্তভোগীরা জানান, তারা ঢাকা থেকে বালাসুরের উদ্দেশ্যে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। বাসটি শ্রীনগর উপজেলার মাসুরগাও পুরাতন ফেরিঘাট এলাকায় পৌঁছলে র‍্যাব পরিচয় দিয়ে ৫/৬ ব্যক্তি বাস থামিয়ে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারীরা জসিম শেখের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজন খানের থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন লুট করে নেয়। সর্বস্ব কেড়ে নেওয়ার পর তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এ বিষয়ে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, র‍্যাব পরিচয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তারা প্রকৃত র‍্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব ইতোমধ্যেই গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ভুক্তভোগী দুইজন লিখিত অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/টিএস