বরিশাল অফিস
নগরীর সিএন্ডবি রোডে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করেছে সদর নৌ থানা পুলিশ। তবে এই অভিযানের সময় জাটকা পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি বেল্লাল হোসেন জানান, গত সোমবার রাত ১০টার দিকে নগরীর সিএন্ডবি রোডের মত্স্য ভবনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকাগামী মিম-জাল নামক যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ৫টি ঝুড়িতে থাকা আনুমানিক ২৫ মণ পরিমাণ জাটকা জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
