স্পোর্টস ডেস্ক সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া ফরাসি তারকা আন্তনিও গ্রিজমান মনে করেন, সাবেক দল অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরা বার্সেলোনার জার্সি গায়ে তাকে মোটেও মেনে নিতে পারবে না। মার্কাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বিস্তারিত আলোচনা করেন বার্সেলোনায় তার লক্ষ্য দিয়ে। লিওনেল মেসির সঙ্গী হওয়া ও কোচের সঙ্গে দারুণ বোঝাপড়াসহ অনেক কিছুই এসেছে সাক্ষাত্কারে। পাঠকদের জন্য তুলে ধরা হলো তার চুম্বকাংশ।
বার্সেলোনা খেলোয়াড় হিসেবে আপনার অনুভূতি কেমন?
দারুণ! বেশ চাপ নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। এখন কেবল ছুটি শেষ করে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষা। ড্রেসিংরুমের সবাই আমাকে দারুণভাবে আপন করে নিয়েছে। এই মুহূর্তে আমি উপভোগ করছি এবং আশা করছি এখানে কথা বলার, নিজের মতো থাকার জন্য যথেষ্ট আত্মবিশ্বাস পাব।
এমন একজন খেলোয়াড় যে আগে স্বাধীনতা নিয়ে খেলত, তার পক্ষে মেসির সঙ্গে খেলাটা কি কঠিন হয়ে পড়বে?
তার সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার হবে। সে দৈনন্দিন জীবনে, অনুশীলনে কী পছন্দ করে তা জানতে উদগ্রীব হয়ে আছি আমি। অনুশীলনে, মাঠে কিংবা মাঠের বাইরে তাকে দেখে শেখার জন্য তর সইছে না আমার। ছুটি শেষ করে তার ফেরার অপেক্ষায় আছি। তার জন্য, দলের জন্য, খেলোয়াড়দের জন্য যে কোনো কিছু করতে রাজি আমি।
ভিডিও গেম স্কোয়াডের কথা হচ্ছিল। আপনি এলেন, এরপর যদি নেইমারও আসেন, কি পাগলাটে ব্যাপারটা হবে!
এটা কোচের জন্য ব্যাপারটা আরো কঠিন করে তুলবে। সঙ্গে সঙ্গে দলে প্রতিদ্বন্দ্বিতাও বাড়াবে। সে একজন দারুণ খেলোয়াড়। আমি তাকে কিছুটা চিনি। ভবিষ্যত্ আমাদের জন্য কী তুলে রেখেছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় ফেরা নিয়ে কোনো দুর্ভাবনা?
না। আমি জানি যে তারা আমাকে দুয়ো দেবেই। এটা খেলারই অংশ। তারা সত্যিই আমাকে ভালোবেসে ছিল। এমন কারো চলে যাওয়াটা বেদনাদায়ক। রিয়াল সোসিয়েদাদেও প্রথম সফরটা সহজ ছিল না। কিন্তু দল দুটো আমাকে যা দিয়েছে তাতে আমি সবসময়ই লা রিয়াল আর এটলেটি থাকব।
সিমিওনে জনসম্মুখেই বলেছেন যে আপনার কাছে তিনি কৃতজ্ঞ...
তারা গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় দলে এনে শক্তিশালী দল গড়েছে। আর সিমিওনে দলে থাকলে আপনি আগ থেকেই জানবেন যে দলটা শেষ পর্যন্ত লড়বে। কেননা সে আর তার দল এমনই। তার কাছেই বরং আমি ঋণী।
আর্নেস্তো ভালভার্দের কথায় আসি। তিনি আপনাকে অনেক পছন্দ করতেন। এমনকি কৈশোরে আপনাকে সোসিয়েদাদ থেকে বিলবাওতেও নিয়ে যেতে চেয়েছিলেন বলে গুঞ্জন আছে। সত্যি কি তাই?
হ্যাঁ, মনে হচ্ছে তিনি সবসময়ই আমাকে পছন্দ করেছেন। গুঞ্জন সবসময়ই ছিল। এখন আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
শেষ প্রশ্ন। আসছে মৌসুমে আপনার লক্ষ্য কী?
সমর্থক, খেলোয়াড় এবং বোর্ড - আমরা সবাই সম্ভাব্য তিনটি শিরোপাই জিততে চাই। আমাদের সে সামর্থ্য আছে। এটা কঠিন, কিন্তু এটা অর্জন করতে কঠোর পরিশ্রম করব আমরা।
