ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ২৫ হাজার বাসায় গিয়ে অ্যাডিস মশার লার্ভা ধ্বংস করবে সংস্থাটির পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা। প্রতিদিন ১ হাজার ৭১০টি বাসায় গিয়ে অ্যাডিস মশার লার্ভা ধ্বংস করা হবে। পাশাপাশি নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসবেন, কিভাবে অ্যাডিস মশার বংশ ধ্বংস করতে হয়। গতকাল রবিবার রাজধানীর কাঁঠালবাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম কর্মসূচির উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।
মেয়র বলেন, অ্যাডিস মশা রাস্তা বা ডোবার নোংরা পানিতে জন্মে না। এ মশা বাসার বারান্দা বা ছাদের পরিত্যক্ত টায়ার, টব, ট্যাংকি, এসি/ফ্রিজের ট্রেতে জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই অ্যাডিস মশা ধ্বংসে জনগণের সচেতনতা ও সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজন।
সাঈদ খোকন আরো বলেন, এরই মধ্যে আমাদের ৬৮টি ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম কাজ করছে। এ পর্যন্ত ৪৫০ স্থানে কাজ করে ২ হাজার ১৫৭ জন নাগরিককে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এরপরও কোথাও ডেঙ্গুর অস্তিত্ব পেলে ডিএসসিসির হট লাইনে ০৯৬১১০০০৯৯৯ ফোন দিলে আমাদের লোক গিয়ে ধ্বংস করে দিয়ে আসবে।
ডেঙ্গুমুক্ত শহর গড়তে নগরবাসীর সহায়তার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার বিস্তার রোধ করতে হবে। অ্যাডিস মশার প্রাদুর্ভাব যাতে না হয় সেজন্য নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। সবার প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে পারব। এরপর মশক নিধন কর্মীদের সঙ্গে নিয়ে আশেপাশের কয়েকটি বাসায় গিয়ে অ্যাডিস মশার লার্ভা ধ্বংস করেন মেয়র। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের মাঝে প্রচারাভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে এডিস মশা নিধনের উপায় ও রোগের প্রতিকার বিষয়ে প্রচারপত্র বিতরণ করেন তিনি। এছাড়া ক্লাসরুমে প্রদর্শন করার জন্য ডিএনসিসি কর্তৃক নির্মিত অডিও ভিজ্যুয়ালের ডিভিডি শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উত্তরা ক্লাব থেকে শুরু হয়ে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ পৌঁছে।
রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে মেয়র উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। স্কুলের মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি একই ধরনের প্রচারাভিযান চালান।
প্রচারাভিযানকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ওয়ার্ড কমিশনার আফসার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
