বন্যার পরিস্থিতিতে নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। ইতিমধ্যে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ দেশের বাজারে আসতে শুরু করেছে। বর্তমানে বন্দরের মোকামে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ মানভেদে ৯০-১১০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। কয়েক দিনের মধ্যে দাম আরো কমবে বলে জানান এই ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, গত শনিবার (২০ জুলাই) আমদানি করা প্রথম চালানটিতে প্রায় ১৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। প্রতি কেজি আমদানি করতে সরকারকে ২১ টাকার মতো শুল্ক দিতে হচ্ছে।
শনিবার সন্ধ্যায় এবং রবিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে, বন্দরের মোকামে বর্তমানে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ মানভেদে ৯০-১১০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে।
এদিকে হিলিসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০/১২ দিন আগে কাঁচা মরিচ ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। হঠাত্ করেই এক সপ্তাহ ধরে পণ্যটির দাম কোথাও কোথাও বেড়ে ১২০-১৫০ টাকায় বিক্রি হয়। গতকাল শনিবার ভারতীয় কাঁচা মরিচ আমদানির খবরে কেজিতে ২০-৩০ টাকা কমে মানভেদে ৯০-১১০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুর আমীন জানান, এই বন্দর দিয়ে দীর্ঘদিন ধরে কাঁচা মরিচ আমদানি হয়নি। কিন্তু দেশে হঠাত্ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় গত শনিবার (২০ জুলাই) থেকে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। আমদানি করা পণ্যটির দ্রুত শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবসায়ীদের খালাসের অনুমতি দেওয়া হচ্ছে। যাতে করে তারা সঠিক সময়ে বাজারে সরবরাহ করতে পারেন।
