তাড়াশে ফের বেড়েছে গুরু চুরি। এক সপ্তাহের ব্যবধানে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের বলদি পাড়া, সিঙ্গার পাড়া ও উত্তর শামপুর গ্রামের পাঁচ জন কৃষকের ১৪টি গরু চুরি হয়েছে। চুরি আতঙ্কে গ্রামে গ্রামে রাতে জেগে গরু পাহারা দিচ্ছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষক হারেছ আলী, সুলতান মাহমুদ, রজব আলী, জিন্না প্রামানিক ও আলতাব আলী জানান, রাতের আঁধারে তাদের গোয়ালের গরু চুরি হয়ে যায়। চুরির ঘটনায় থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত গরু উদ্ধার বা চুরির সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্যদের নিয়ে টহল বাড়ানো হয়েছে। গরু উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
