শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের ৫০ শতাংশ কাজ সম্পন্ন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৪০

ঢাকা-এয়ারপোর্ট মহাসড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের নিকট পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ ইতিমধ্যে ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার ঢাকা সেনানিবাসস্থ সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সিওডি) এলাকায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ এই পথচারী আন্ডারপাস প্রকল্পের অগ্রগতি এবং নির্মাণ কাজে ব্যবহূত প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) উদ্যোগে আয়োজিত এই ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড-এর অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল এস এম আনোয়ার হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যটালিয়ন এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ সাদেক মাহমুদ এবং আইএসপিআর এর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, গত বছরের ১২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই আন্ডারপাস নির্মাণের শুভ উদ্বোধন করেন। বর্ণিত নির্মাণ কাজটি জাতীয় গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিবদ্ধ একটি নতুন অত্যাধুনিক প্রকল্প। প্রকল্পের কার্যক্রম গত বছরের ২৬ সেপ্টেম্তর হতে জরুরী ভিত্তিতে শুরু করা হয়, যার নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে এবং ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।