ময়মনসিংহের ফুলপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করেছেন ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা। এরমধ্যে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।
পুলিশে সোপর্দ করার পর ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা দেবাশীষ তালুকদার শুভ ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্যাডার রাজনীতি করত। এরা অনেককে অত্যাচার-নির্যাতন করেছে। ফুলপুর-তারাকান্দা থেকে রাতের ভোটে নির্বাচিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অনুসারী তারা। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে এরাও অস্ত্র নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা করেছে। এরা ভেবেছিল আজীবন রামরাজত্ব কায়েম করবে। রাতে ছাত্রদল ও যুবদল নেতাসহ সাধারণ জনতা তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বলেন, ছাত্র-জনতা ওই দুইজনকে মারধর করেছে। এতে বিএনপি কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী ছিল কি না আমার জানা নেই।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ওই দুইজনকে মারধর করে ধরে থানায় নিয়ে আসা হয়। আজিজুল ইসলামকে বেশি মারধর করা হয়েছে। তাই পুলিশের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
তিনি বলেন, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৫ মে) আদালতে পাঠানো হবে।
