রাজধানীর হাজারীবাগে ট্রাকের ধাক্কায় শাহেদা আক্তার নামের এক নারীর হাত বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় তার বোনও আহত হয়েছেন। তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ট্রাক ও এর চালককে আটক করতে পারেনি।
হাজারীবাগ থানার ওসি একরাম আলী বলেন, ‘ঘটনা আমিও শুনেছি। ভুক্তভোগী কেউ এখনো অভিযোগ করেনি।’
আহত রহিমা জানিয়েছেন, ‘সকালে বাসা থেকে অফিসে যাওয়ার সময় হাজারীবাগের সেকশন ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুই বোন মিলে রাস্তার কিনার দিয়ে হাঁটছিলাম। একটি ট্রাক আমাদের ধাক্কা দিয়ে পিলারের মধ্যে চাপা দেয়। সঙ্গে সঙ্গে শাহেদার শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
শাহেদাকে উদ্ধার করতে গিয়ে আমারও হাত ভেঙে যায়।’ এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন আহতদের পরিবারের সদস্য ও স্বজনরা।
