মাত্র কয়েক মাস আগেই ভালোবেসে বিয়ে করেছিলেন ইমন (২২) ও আঞ্জুমআরা আক্তার (১৮)। ওরা বসবাস করেন ঢাকায়। আঞ্জুমের চাচাতো বোনের বিয়ে রাজবাড়ীতে। ওরা দুই জন ঐ অনুষ্ঠানে যোগ দিতে আসেন। নদীতে গোসল করতে ইচ্ছে হয় তাদের। তাই নামেন প্রমত্ত পদ্মায়। গতকাল রবিবার দুপুরে হঠাত্ পদ্মার প্রবল স্রোতের টানে ভেসে যান তারা। ঘটনাটি ঘটেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায়।
আঞ্জুমআরা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারা পাড়া গ্রামের আজিম শেখের মেয়ে ও ইমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার আঞ্জুমের চাচাতো বোন দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকার আবু সাইদের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশ নিতেই ইমন ও আঞ্জুম দৌলতদিয়ায় আসেন।
প্রত্যক্ষদর্শী আফসানা আক্তার (১৭) জানান, তারা সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছেন। গতকাল দুপুরের দিকে বিয়ে বাড়ি থেকে তারা ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় একটি ফেরি তাদের পাশ দিয়ে চলে গেলে যে ঢেউয়ের সৃষ্টি হয় তাতে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যায়। আঞ্জুম যখন নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তাকে উদ্ধার করতে ইমন এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে নদীর তীব্র স্রোত ও প্রচণ্ড ঘূর্ণিপাকে তারা তলিয়ে যায়।
এদিকে বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতি পদ্মায় ভেসে যাওয়ার ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ এক নিমিষেই শেষ হয়ে যায়। পুরো বাড়িতে শুরু হয় আহাজারি। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশ স্পিড বোট ও জেলেদের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এছাড়া ঢাকার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেবে।
