সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ থেকে একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে গেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স থেকে আসা ডুবুরিদলের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। তবে গাড়িটিতে ঠিক কতজন যাত্রী আছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আমিনবাজার ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সড়কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে, একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব সাভার থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আমিনবাজার সালেহপুর ব্রিজ পাশ দিয়ে নদীতে পড়ে গেছে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে এখনও ডুবে যাওয়া ট্যাক্সিক্যাবটির অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন: ৪০ লাখ টাকা ঘুষের মামলায় ডিআইজি মিজান গ্রেফতার
ফায়ার সার্ভিস জোন-৪ এর কমান্ডার আনোয়ারুল হক বলেন, খবর পেয়ে সাভার, মিরপুর ও কল্যাণপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কজে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স থেকে আসা ডুবুরিদল নদীতে তল্লাশি শুরু করেছে। তবে এখনও পড়ে যাওয়া গাড়িটি শনাক্ত কিংবা কাউকে উদ্ধার করা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
ইত্তেফাক/আরকেজি
