গতকাল ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ। এতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ হারান সাবেক এই টাইগার অধিনায়ক। শুক্রবার (৩০ মে) সকাল থেকে ফোন বন্ধ ছিল ফারুকের। এরই মাঝে তার দেশ ছাড়ার গুঞ্জন উঠে।
তবে দেশ ছাড়ার গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন ফারুক। দেশ ছাড়ার গুজবে ফোন চালু করার পাশাপাশি বেশ কিছু গণমাধ্যমে বিবৃতি দেন সাবেক এই অধিনায়ক। কয়েকটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে ফারুক বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা কথা। যারা আমাকে নিয়ে এতদিন নাটক তৈরি করেছে, এটা তাদেরই একটা নাটকের শেষ অংশ আমার কাছে মনে হচ্ছে। আমি দেশেই আছি। গুজবে কান দেবেন না।’
শুধু তাই নয়, আগামীকাল আনুষ্ঠানকিভাবে সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন ফারুক।
বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় ৮ বিসিবি পরিচালক। এরপর ফারুকের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতেই বিসিবি সভাপতির পদ হারান ফারুক।
এ দিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে এনএসসি। যার অনুমোদন দিয়েছে বিসিবি। একাধিক বিসিবির পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (৩০ মে) বিকালে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমিনুলকে সভাপতি নির্বাচিত করা হতে পারে। তার আগে আমিনুলকে এনএসসি মনোনীত বোর্ড পরিচালক ঘোষণা করা হবে।
