ফরিদপুরে ট্রাকচাপায় নিহত দুই ভাই, আহত ১

আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:০৬

ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। এসময় আহত হয়েছেন তাদের আরও এক বন্ধু।

শুক্রবার (৩০) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাদিরদি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল শেখ (২১) মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বক্কার শেখের ছেলে ও সবুজ শেখ (২০) একই গ্রামের ইসলাম শেখের ছেলে।

এছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। তারা বোয়ালমারী মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।  এ সময় সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পেছন থেকে আসা বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল শেখ মারা যান এবং সবুজ শেখ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি