তুরস্কের সাথে যোগাযোগ সিরিয়ার কুর্দি কমান্ডারের, যুদ্ধ বন্ধের সম্ভাবনা

আপডেট : ৩১ মে ২০২৫, ২০:৪২

উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত বাহিনী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর কমান্ডার মাজলুম আবদি জানিয়েছেন, তার দল বর্তমানে তুরস্কের সাথে সরাসরি যোগাযোগ রাখছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পর্ক উন্নয়নে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতেও প্রস্তুত।

সিরিয়ায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধে এসডিএফ ও তুর্কি বাহিনী একে অপরের বিপক্ষে যুদ্ধ করেছে। তুরস্ক দাবি করে, এসডিএফ-এর মূল শক্তি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র সঙ্গে জড়িত, যারা দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে লড়ছে। মাজলুম আবদি জানান, তুরস্কের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে সরাসরি এবং কিছু মধ্যস্থতাকারীদের মাধ্যমে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সংলাপ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

সিরিয়ার একটি বড় অংশ দখল করে রেখেছে কুর্দি যোদ্ধারা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘আমরা বর্তমানে তুরস্কের সাথে যুদ্ধ করার অবস্থায় নেই, বরং আমরা সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।’ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো পরিকল্পনা নেই, তবে তিনি তার সঙ্গে কথা বলতে আগ্রহী। তুর্কি একটি কূটনৈতিক সূত্র অবশ্য দাবি করেছে, এসডিএফ কমান্ডারের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনার খবর সঠিক নয়। এর আগে মার্কিন মধ্যস্থতায় ডিসেম্বর থেকে এসডিএফ ও তুর্কি বাহিনীর মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। গত দুই মাসে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি বলেও জানান আবদি।

এছাড়াও, এসডিএফ ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দল সব প্রতিবেশি দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, এবং সবার সাথেই সম্পর্ক গড়তে প্রস্তুত। তথ্যসূত্র: রয়টার্স

ইত্তেফাক/টিএস