মিষ্টির স্বাদে

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:৪৫

স্ট্রিট ফুড হিসেবেই মিষ্টি স্বাদের এ খাবারগুলোর পরিচিতি বেশি। তবে আপনি চাইলেই ঘরে বসেই তৈরি করতে পারেন এসব খাবার। এবারের আয়োজনে ৪ পদের মিষ্টি জাতীয় খাবারের রেসিপি দিয়েছেন আঞ্জুমান আরা রোজী

বেসনের লাড্ডু

 

উপকরণ :বেসন ৪ কাপ, ঘি ১ কাপ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালি :প্যানে ঘি গরম করে তাতে বেসন ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন। ৫ মিনিট অল্প আঁচে ভেজে নিন। বেসনের সুঘ্রাণ বের হলে তাতে এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে চিনি দিয়ে আবার ক্রমাগত নাড়তে থাকুন গলে যাওয়া চিনি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। চুলা থেকে থেকে নামিয়ে ফেলুন। একটু ঠাণ্ডা হলে হাতে অল্প একটু তেল মেখে ছোট ছোট বল বানিয়ে একে লাড্ডুর আকার দিন। সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু বেসনের লাড্ডু।

 

গুড়ের জিলাপি

 

উপকরণ :মিশ্রণের জন্য :ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, ইস্ট ১ চা চামচ, সয়াবিন তেল ১ চা চামচ, টক দই ১ টেবিল চামচ, গরম পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য।

গুড়ের শিরার জন্য :গুড় ৫০০ গ্রাম, পানি ১ কাপ।

প্রণালি :জিলাপির মিশ্রণ বানানোর সব উপকরণ ভালো করে মিশিয়ে ১ ঘণ্টা কোনো উষ্ণ জায়গায় রেখে দিন। অন্য একটি প্যানে গুড় ও পানি দিয়ে শিরা বানিয়ে আলাদা করে রাখুন। তেল ভালো করে গরম করে জ্বাল কমিয়ে দিন। এবার পাইপিং ব্যাগে জিলাপির মিশ্রণ ভরে নিন। কাঁচি দিয়ে ব্যাগের মুখে খুব ছোট করে কেটে নিন। এবার জিলাপির আকৃতি অনুযায়ী জিলাপি ভেজে নিন। জিলাপি ভাজা হলে তেল ঝরিয়ে গুড়ের শিরায় দিন এবং ২ মিনিট রেখে তুলে ফেলুন। এবার গরম গরম পরিবেশন করুন।

মাসকলাইয়ের রসবড়া

 

উপকরণ :মাসকলাই বাটা ২৫০ গ্রাম, চালের গুঁড়া ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২/৩টি, সয়াবিন তেল ভাজার জন্য, লবণ পরিমাণমতো, চিনি ২৫০ গ্রাম, পানি ৫০০ গ্রাম।

প্রণালি :মাসকলাই ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রেখে পাটায় মিহি করে বেটে নিন। একটি পাত্রে মাসকলাই ডাল বাটা চালের গুড়া ও লবণ দিয়ে ভালো করে ফেটে নিন। একটি পাত্রে পানি দিন। পানি গরম হলে চিনি ও এলাচ দিয়ে অনবরত নাড়তে থাকুন। চিনি মিশে পানি একটু ঘন হয়ে রস হলে নামিয়ে রাখুন। অন্য পাত্রে সয়াবিন তেল দিন। তেল গরম হলে ফেটানো মাসকলাই বড়া করে ভেজে নিন। চিনির রসে বড়া ২-৩ ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করুন।

 

খাজা

 

উপকরণ :ময়ানের জন্য :ময়দা ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১/৪ চা চামচ, সয়াবিন তেল ১/২ কাপ।

সিরার জন্য :চিনি ২ কাপ, পানি ১ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ।

প্রণালি :প্রথমে ময়ানের উপকরণগুলো ভালোভাবে মেখে সামান্য ভেজা কাপড় দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। এবার গোল করে ৪টি লেচি কেটে নিন। এবার বেলে চারটি লুচি একটার ওপর আরেকটা রেখে রোল করে নিন। এই রোল লম্বালম্বী সমান চার ভাগে কেটে নিয়ে আলতো করে একবার বেলে নিন। খেয়াল রাখবেন তা যেন লম্বা আকৃতির থাকে। এবার একটি প্যানে তেল দিন। তেল গরম হলে খুব সাবধানে খাজাগুলো ভেজে নিন। অন্য একটি পাত্রে ফুটন্ত পানিতে এলাচ গুঁড়া আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে সিরা বানিয়ে নিন। ১০ মিনিট সিরাতে ডুবিয়ে রেখে খাজা পরিবেশন করুন।