ভিন্ন পথে হাঁটছেন বাপ্পী!

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:০৮

গতানুগতিক বাণিজ্যিক সিনেমায় এখন দর্শকদের আগ্রহের জায়গা কমেছে। শুধু নতুন গল্পই নয়, নতুন ধারার কাজ এখন দেখতে চায় দর্শক। সেই চাহিদার জোগান বাণিজ্যিক সিনেমা খুব বেশি পূরণ করতে না পারলেও ধীরে ধীরে হলেও শুরু হয়েছে। একদিকে যেমন নির্মাতারা তাদের সিনেমার জন্য ভিন্নধর্মী নির্মাণের দিকে এগোচ্ছেন, তেমনি তারকারাও নিজেদের কাজের মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করছেন। নিজেদের গতানুগতিক ইমেজ ভেঙ্গে শুরু করেছেন এক্সপেরিমেন্টাল কাজ।

্ববাপ্পীও সেই পথেই হাঁটছেন। ক্যারিয়ারে অনেকটা সময় প্রায় এক ধরনের কাজে তাকে দেখা গেলেও গত কয়েক বছরে নিজেকে পাল্টেছেন তিনি। নিজের নতুন এক পরিক্ষায় ফেলেছেন বাপ্পী। চলতি সময়ের তিনি দুটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এরমধ্যে রয়েছে ভৌতিক সিনেমা ‘ডেঞ্জার জোন’। রোমান্টিক ও অ্যাকশন ঘরণার সিনেমায় বাপ্পীকে দেখা গেলেও ভৌতিক সিনেমায় কাজ এবারই প্রথম। ২০১৭ সালে সিনেমার শুটিং শুরু হলেও কিছু কাজ বাকী ছিল এতদিন। সম্প্রতি আবারো এই সিনেমার শুটিং শুরু হয়েছে। শেষ হবে ২৫ জুলাই। অন্যদিকে তিনি ‘ঢাকা ২০৪০’ শিরোনামে আরো একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এই সিনেমাটিও বাপ্পীর জন্য নতুন এক অভিজ্ঞতা। বাপ্পী এই প্রসঙ্গে বলেন, ‘পুরো বিশ্বে সিনেমা এখন অনেক দূর এগিয়েছে। পাশাপাশি সিনেমার বাজার এখন উন্মুক্ত। সেই জায়গা থেকে আমাদের সিনেমাও এখন ধীরে ধীরে প্রশংসা নিয়ে এগোচ্ছে। নিজের দায়িত্ববোধ থেকে পুরোনো ইমেজ ভেঙ্গে নতুনভাবে আবারো নিজেকে গোছাচ্ছি।’