বিশ্বকাপের ফলটাকে খেলোয়াড়রা এখনো হতাশাজনকই মনে করেন। আর সেই হতাশা কাটিয়ে ওঠার একটা সুযোগ এসেছে শ্রীলঙ্কায়। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে খেলবে একটি অনুশীলন ম্যাচ।
আর এই সবকিছুর শুরুতে গতকাল যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বললেন, তারা শ্রীলঙ্কা থেকে ভালো ফল নিয়ে ফিরতে চান।
সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কায় গিয়ে তামিমদের যে অভিজ্ঞতা হচ্ছে, তা নিয়ে এই ওপেনার বলছিলেন, ‘প্রথমত আমি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। আমাদের এখানে দারুণ আতিথ্য দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। আমাদের যেভাবে আপ্যায়ন করা হয়েছে, তা সর্বোচ্চ পর্যায়ের। তারা আমাদের খুব ভালো দেখা-শোনা করছেন। কয়েক মাস আগে শ্রীলঙ্কা যে একটা খারাপ ঘটনার সাক্ষী হয়েছে, তার পর আমরা সবাই এমন একটা ক্রিকেট সফরের দিকে চেয়েছিলাম। কারণ, খুব বেশিদিন আগের কথা নয়, বাংলাদেশও এমন ঘটনার সাক্ষী হয়েছিল। তখন শ্রীলঙ্কা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল।’
তবে এসব পেছনে ফেলে তামিমরা এখন ক্রিকেট নিয়েই ভাবছেন শুধু, ‘আমরা ক্রিকেট ছাড়া কিছু নিয়ে ভাবছি না। ছেলেরা খুব উপভোগ করছে। আমার ধারণা সিরিজটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমার ধারণা সবাই খুব উপভোগ করবেন।’
শুধু ভালো ক্রিকেট খেলা নয়, শ্রীলঙ্কা থেকে ভালো ফল নিয়ে ফিরতে চান তামিম, ‘আমার ধারণা আমরা ভালো একটা বিশ্বকাপ কাটিয়েছি। কয়েকটা ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এখন বাংলাদেশ আর সেই অবস্থায় নেই যে, শুধু ভালো খেলায় আমরা সন্তুষ্ট হব। সেই অর্থে বিশ্বকাপটা হতাশার ছিল। কারণ, আমরা ভালো ফল পাইনি। আশা করি, শ্রীলঙ্কা থেকে আমরা ভালো ফল নিয়ে ফিরতে পারব।’
