টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রশিদের

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:২৩

ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পরই তিন ফর্মেটেই আফগানিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রশিদ খান। এখন থেকেই তিনি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা করছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমাদের উন্নতি ঘটাতে হবে। বড়ো দলগুলোর বিপক্ষে কীভাবে খেলতে হয় এবং তাদের বিপক্ষে সঠিক প্রস্তুতি কী হওয়া দরকার—আমাদের সেগুলো জানতে হবে। এই বিশ্বকাপে আমাদের ধুঁকতে হয়েছে। তবে ২০২৩ বিশ্বকাপ এখনো অনেক দূরে। এই মুহূর্তে আমাদের নজর ও লক্ষ্য অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে প্রমাণ করতে হবে আমরা কতটা ভালো দল এবং গত বিশ্বকাপের তুলনায় আমরা কতটা ভালো করতে পারছি। আমাদের কেবল উন্নতি করা এবং অতীতে যে ভুলগুলো করেছি সেগুলো কমিয়ে আনা দরকার।