ঢাবিতে সাত কলেজ অধিভুক্তি বাতিল দাবিতে বিক্ষোভ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:০১

ঢাকা বিশ্ববিদ্যায়ের সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরেই ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় গত দুই দিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক এবং প্রাশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ছাত্রলীগসহ সব ছাত্র সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। আন্দোলনের ফলে ঢাবি স্থবির হয়ে গেছে। ঢাবির এই স্থবিরতা কাটাতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর নেতারা।

গতকাল সোমবার ডাকসুর ভিপি নুরুল হক নুর এবং জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির উপাচার্য বর্তমানে দেশের বাইরে থাকায় এখন কোনো সমাধান দেওয়া সম্ভব হবে না। আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। উপাচার্য দেশে ফিরে আসার পর আমরা তার সঙ্গে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলবো।