ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো সম্পূর্ণ নীরব রয়েছে বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুসারে, ফক্স নিউজের লাইভ কভারেজ এবং নিউ ইয়র্ক টাইমসের ভিজ্যুয়াল বিশ্লেষণে দেখা গেছে, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র গত রাতে তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের একটি অংশে আঘাত হানে।
আল জাজিরা বলছে, বিদেশি মিডিয়ার প্রতিবেদন এবং প্রচারিত ফুটেজ সত্ত্বেও ইসরায়েলি গণমাধ্যম এখনো নীরব রয়েছে। সম্ভবত কঠোর সামরিক সেন্সরশিপ নিয়মের কারণে এই ধরনের হামলার নিশ্চিতকরণ বা আলোচনা নিষিদ্ধ।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফক্স নিউজের লাইভ কভারেজের সময় টেলিভিশন-কর্মীদের এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের মধ্যে একটি ভবনে আঘাত হানার দৃশ্যের চিত্রগ্রহণ থেকে বিরত রাখতে দেখা গেছে।
নিউ ইয়র্ক টাইমসের একটি ভিজ্যুয়াল তদন্ত দল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে যে, প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের আবাসিক এলাকাসহ কেন্দ্রীয় তেল আবিবে একটি অভিযান চলছে।
ভিডিও ফুটেজে স্পষ্টভাবে মার্গানিট টাওয়ার দেখানো হয়েছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাঙ্গণের মধ্যে একটি সুপরিচিত কাঠামো।
